চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক সবজি বিক্রেতার হামলায় মধু (৬০) নামের এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতা খুন হয়েছেন।
শুক্রবার সন্ধ্যার দিকে কার্পাসডাঙ্গার মুচির বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মধু ওই কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মুচির বটতলায় ফুটপাতে ভ্যানে করে ফল বিক্রি করতেন।
প্রত্যক্ষদর্শী আবু সাইদ জানান, সন্ধ্যায় ফুটপাতে দোকান বসানোসহ তুচ্ছ বিষয় নিয়ে সবজি বিক্রেতার সঙ্গে মধু বাকবিতণ্ডায় জড়ান।
একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হলে অভিযুক্ত সবজি বিক্রেতা কদবেল ফুটো করার কাজে ব্যবহৃত একটি ধারালো লোহার শিক মধুর বুকে ঢুকিয়ে দেন। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
চিকিৎসক শামসুজ্জোহা জানান, হাসপাতালে পৌঁছানোর আগে তার মৃত্যু হয়। ধারালো অস্ত্রের আঘাতে তার বুকের ভেতরের প্রধান শিরা কেটে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, ফুটপাতে সবজি ও ফল বিক্রেতার মধ্যকার বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। খবর পাওয়ার পর তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


