হবিগঞ্জে প্রায় ১৭ ঘন্টা পর অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসনের আশ্বাসে আগামী ৫ অক্টোবর পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়।
ফলে শুক্রবার সকাল থেকে ফের বাস চলাচল শুরু হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে ধর্মঘট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল।
তিনি জানান, বাংলাদেশ সড়ক পরিবহন ও ফেডারেশন ও প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ৫ অক্টোবর পর্যন্ত পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। আগামী রোববার ঢাকায় এ বিষয়ে সভা অনুষ্ঠিত হবে। পরিবহন শ্রমিকদের দাবি অনুযায়ী বিষয়টি সমাধান করা না হলে ৬ অক্টোবর থেকে ফের ধর্মঘট পালন করা হবে।
গত ২৪ সেপ্টেম্বর মৌলভীবাজারে হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখা ও শ্রমিকদের মারধরের অভিযোগের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করে হবিগঞ্জ মটর মালিক গ্রুপ ও মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। এর জেরে সকাল থেকে জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ ছিল এবং ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থেকে মাধবপুর পর্যন্ত শত শত যানবাহন আটকা পড়ে। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অতিরিক্ত ভাড়ায় বিকল্পপথে যাত্রীদের চলাচল করতে দেখা গেছে।


