তানজানিয়ার আরুশায় অনুষ্ঠেয় ১৫৩তম আইপিইউ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
রোববার দুপুর ২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তানজানিয়ার উদ্দেশে রওনা হন তিনি।
স্পিকারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, সরওয়ার জামাল নিজাম, এমপি এ, ই, সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরি ও রোকেয়া বেগম।
স্পিকার ৫ থেকে ৯ অক্টোবর সম্মেলনের বিভিন্ন সেশনে অংশ নেবেন।
‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন ও সম্প্রদায়ের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে এবারের সম্মেলন হচ্ছে।
৯ অক্টোবর সম্মেলনের শেষ দিনে আইপিইউয়ের গভর্নিং কাউন্সিল নতুন সভাপতি নির্বাচন করবে।
সম্মেলন শেষে ১১ অক্টোবর দেশে ফিরবেন স্পিকার।


