কুড়িগ্রামের চরবাসীর জন্য বোট অ্যাম্বুলেন্স প্রজেক্ট

কুড়িগ্রামের চরবাসীর জন্য বোট অ্যাম্বুলেন্স প্রজেক্ট
ছবি এক্স-নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সৌজন্যে
Advertisement
Advertisement

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র চরবাসীর জীবন রক্ষায় বোট অ্যাম্বুলেন্স প্রজেক্টের সাইনিং অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পিপলস ইনস্যুরেন্স সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে এক্স-নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কুড়িগ্রামের ব্রহ্মপুত্র চরবাসীরা নদীভাঙন, ঝড়-ঝঞ্ঝা, বৈরী আবহাওয়া, জলবায়ুর অভিঘাত ও হরেক রকম প্রাকৃতিক দুর্যোগের শিকার। তাদের নিত্যদিনের দুঃখদুর্দশার পাশাপাশি তারা শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানসহ মৌলিক সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত।

উল্লেখ্য, দেশের অন্যতম দরিদ্র জেলা কুড়িগ্রামের চর রাজীবপুর ও চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের চরের লক্ষাধিক মানুষ প্রতিনিয়ত নদীভাঙনের কবলে পড়ছেন। নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা এসব জনবসতির অবহেলিত জনগোষ্ঠীর বেশির ভাগই কৃষি ও মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় এবং চরাঞ্চলে প্রয়োজনীয় ক্লিনিক বা স্বাস্থ্যকেন্দ্র না থাকায় অসুস্থতা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাতে হয় তাদের।

চরবাসীর জন্য রাজীবপুর ও চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও এলাকাটি দুর্গম হওয়ায় রোগী নিয়ে খরস্রোতা ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে হাসপাতালে পৌঁছানো অত্যন্ত কঠিন। নদীপথে কয়েক ঘণ্টার দীর্ঘ যাত্রার কারণে অনেক সময় গর্ভবতী নারী, শিশু, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের রোগীরা বাড়িতে কিংবা পথেই মারা যান। দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে সময়মতো নৌকা না পাওয়ায় অনেকেই সময়মতো চিকিৎসা নিতে পারেন না।

এই যোগাযোগের ভোগান্তি কমিয়ে চরের অবহেলিত মানুষকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে ও তাদের জীবন বাঁচাতে বোট অ্যাম্বুলেন্স প্রজেক্টের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেবাটি চলতি অক্টোবর মাসেই উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্স-নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জাফর আহমেদ পাটোয়ারী, নির্বাহী সভাপতি ডা. শাকিল আরিফ চৌধুরী, সাধারণ সম্পাদক দলিলুর রহমান, কোষাধ্যক্ষ আসিফুর রহমান, নির্বাহী সদস্য সালেহ আহমদ মুকুল, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান, ‘দ্য ডিপ্লোম্যাট’ সাময়িকীর প্রকাশক নাজিনুর রহমান, নটরডেমিয়ান আব্দুল হান্নান, শুভংকর এবং বোট ম্যানুফ্যাকচারার ফাইবার গ্লাসের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলামসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad