কুষ্টিয়ার মিরপুরে বাস চাপায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের মিরপুর উপজেলার সদরপুর মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কে বিকল হয়ে পড়ে থাকা পাখিভ্যানকে পেছন থেকে শ্যামলী পরিবহনের একটি বাস ধাক্কা দিলে সেটি সড়কের ওপর আছড়ে পড়ে।
নিহতরা হলেন- সদর উপজেলার স্বস্তিপুর গ্রামের হাসেম আলীর স্ত্রী ভানুমতি (৫৫) এবং পাখিভ্যানচালক কামরুল ইসলাম (৩৩)। দুর্ঘটনায় ভানুমতির মেয়ে হাসিনা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, সকালে সদরপুর মাদ্রাসার সামনে একটি পাখিভ্যানের এক্সেল ভেঙে সেটি সড়কের ওপর পড়ে যায়। এ সময় পেছন থেকে মেহেরপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাস এসে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানের যাত্রী ভানুমতি ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন তার মেয়ে হাসিনা ও ভ্যানচালক কামরুল ইসলাম।
পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালক কামরুল ইসলামের মৃত্যু হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।


