রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলিতে কস্মিকা ত্রিপুরা (৮) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে।
মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে সাজেকের মাচালং এলাকার মন্দিরাছড়ায় নিজ বাড়িতে থাকা অবস্থায় তার হাতে গুলি লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
কস্মিকা ত্রিপুরা উলেন্দ্র ত্রিপুরার মেয়ে। সে মাচালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয় বাসিন্দারা জানান, মন্দিরাছড়া এলাকায় তিন দিন ধরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে গোলাগুলি চলছে। মঙ্গলবার সকালে গোলাগুলির সময় বাড়ির ভেতরে থাকা কস্মিকার হাতে গুলি লাগে।
ইউপিডিএফের সংগঠক মাইকেল চাকমা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ ঘটনায় জেএসএসকে দায়ী করেছেন। তার দাবি, সকাল পৌনে ৯টার দিকে মাচালং এলাকায় একটি পাহাড় লক্ষ্য করে জেএসএসের সন্তু লারমা অংশের কর্মীরা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। ওই গুলিতে কস্মিকা আহত হয়। তবে গোলাগুলির বিষয়টি অস্বীকার করেছেন তিনি।
এ বিষয়ে জেএসএসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, নিজ পাড়ায় অবস্থানকালে একটি শিশু গুলিবিদ্ধ হয়েছে।
সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, ‘গোলাগুলিতে শিশু গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে কেউ এ বিষয়ে কথা বলতে চাননি।’


