পাবনা শহরে ব্যাপক নাশকতা চালিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনাকালে সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকাল পৌনে ৬টার দিকে পাবনা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড়ের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন সুজানগরের মো. রাব্বি (২৩), মিথুন মিয়া (৩০), মো. হৃদয় (২০), ফয়সাল (১৮), আরাফাত হোসেন শুভ (১৮), শিমুল প্রামাণিক (১৬), মিজান প্রামাণিক (১৮), আলহাজ্ব খাঁ (২৪), নাজমুল হাসান (১৮), মতিউর রহমান (৩২), রঞ্জু শেখ (১৭), এবং পাবনা সদর উপজেলার চরতারাপুর এলাকার সাবিক (১৯) ও নাজমুল হোসেন (১৯)।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, বড় ধরনের নাশকতা চালিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, ভারতে শেখ হাসিনার সঙ্গে দেখা করারও পরিকল্পনা ছিল। তথ্য পেয়ে জেলা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা সম্ভব হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর এ নিয়ে তৃতীয়বারের মতো আটক হলেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি মথুরাপুর এলাকা থেকে তাকে প্রথম আটক করা হলে স্থানীয় নেতাকর্মীরা পুলিশ ভ্যান থেকে তাকে ছিনিয়ে নেয়, যাতে আট পুলিশ সদস্য আহত হন।
ঘটনার তিন দিন পর ৫ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়। জামিনে বের হয়ে পুনরায় দলীয় কার্যক্রম সক্রিয় করার চেষ্টা করলে চলতি বছরের ২৩ এপ্রিল রাতে মথুরাপুরে অভিযান চালিয়ে ওহাবসহ নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ২১ নেতাকর্মীকে আটক করে পুলিশ। ওই ঘটনার কয়েক সপ্তাহ পর তারা জামিনে মুক্তি পান।


