মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বুধবার সকালে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ মো. রবিউল আউয়াল এ রায় ঘোষণা করেন। মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের প্রসিকিউটর মো. আব্দুল মতিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নুরুল ইসলাম, মো. সাইমন ইসলাম, নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেন।
নিহত নাঈম মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া গ্রামের চেরাগ মিয়ার ছেলে। তিনি মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের নভেম্বরে ফেসবুকের একটি ভুয়া আইডি নিয়ে বিরোধের জেরে বর্ষিজোড়া গ্রামে নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সামনে নাঈমকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১০ জনকে আসামি করে নিহতের বাবা চেরাগ মিয়া বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় হত্যা মামলা করেন।
পরে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়। এরপর থেকেই মামলাটি আদালতে বিচারাধীন ছিল। সবশেষ বুধবার বিচার শেষে চারজনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে খালাস দেন আদালত।
এদিকে আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও নিহতের বাবা চেরাগ মিয়া। তিনি বলেন, ‘পরিবারের সবার সামনে আমার ছেলেকে তারা মেরে ফেলেছে। আমরা ন্যায়বিচার পেয়েছি। ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনা ঘটাতে সাহস করবে না। আমি এ রায়ে সন্তুষ্ট।’
মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের প্রসিকিউটর মো. আব্দুল মতিন চৌধুরী বলেন, ‘আমরা এ রায়ে সন্তুষ্ট।’


