চট্টগ্রামের বন্দর এলাকায় অনলাইন জুয়ায় টাকা হেরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে মো. জাবেদ (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিও উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকালে নগরের বহদ্দারহাট মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান।
আটক জাবেদ বন্দর থানার ৩৭ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়া এলাকার জরিপ বাড়ির মৃত আব্দুল খবিরের ছেলে। নিহতের নাম সানজু বিবি (৪০)।
কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, বুধবার সকাল ১০টার দিকে বন্দর এলাকায় অনলাইন জুয়ায় টাকা হেরে যাওয়াকে কেন্দ্র করে জাবেদের সঙ্গে তার স্ত্রী সানজু বিবির বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে জাবেদ ছুরি দিয়ে সানজুর গলায় আঘাত করেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান জাবেদ। পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় সানজুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে নগরের বন্দর থানার পুরাতন মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। হত্যাকাণ্ডের প্রায় দুই ঘণ্টার মধ্যে জাবেদকে আটক করা হয়।
এসআরবি জানায়, আটকের পর জাবেদের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘরের সামনে একটি কাঁঠালগাছের নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটি উদ্ধার করা হয়েছে। জাবেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


