রাজধানীর মিরপুর-১০ এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানে বাধা ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
বুধবার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষের পর ঘটনাস্থলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শফিকুল ইসলাম খান বলেন, ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে। অভিযানে বাধা ও অরাজকতায় জড়িতদের বিরুদ্ধে পুলিশের পাশাপাশি ডিএনসিসির পক্ষ থেকেও মামলা করা হবে। তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে।
তিনি বলেন, ‘অবৈধভাবে কাউকে ফুটপাত দখল করতে দেওয়া হবে না।’
ডিএনসিসি প্রশাসকের অভিযোগ, হামলাকারীরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে অভিযান বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। সিটি করপোরেশনের গাড়ি, সাংবাদিক ও পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগও তদন্ত করা হবে।
তিনি আরও বলেন, ‘মিরপুরের সাধারণ মানুষ ফুটপাত দখলমুক্ত চায়।’
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলি বলেন, হামলার সময় লোকজন জড়ো করে পরিস্থিতি উত্তপ্ত করা হয়। এতে কয়েকজন আহত হয়েছেন। অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


