চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের সর্বাত্মক শাটডাউন কর্মসূচি তৃতীয় দিনে গড়িয়েছে। এর মধ্যেই বৃহস্পতিবার অনলাইনে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন অধ্যাপক শেখ শরীফুল আলম।
শেখ শরীফুল আলম জানান, অনলাইনে তার যোগদান সম্পন্ন হয়েছে এবং শিক্ষা সচিব তার যোগদানপত্র গ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট পক্ষগুলোকে বিষয়টি জানানো হয়েছে।
ক্যাম্পাসে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমি শিগগিরই ক্যাম্পাসে যাব। তার আগে সব পক্ষের সঙ্গে আলোচনা করব।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার উপাচার্য পদে যোগদান করেন শেখ শরীফুল আলম। পরে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে তার যোগদানপত্র পাঠান।
এর আগে তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো চুয়েটে শাটডাউন কর্মসূচি চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। পাশাপাশি চলতে থাকে গণস্বাক্ষর কর্মসূচি। কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যায় মশাল মিছিলও করা হয়।
গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। মাত্র ৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে ওই রাতেই বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরদিন থেকে অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন তারা। আন্দোলনে সংহতি জানিয়েছে চুয়েট শিক্ষক সমিতিও।


