চট্টগ্রামের সীতাকুণ্ডে মায়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা ইউরিয়া সারসহ দুই পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া ঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী। এ সময় মায়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে কার্গো বোটে সার স্থানান্তর করা হচ্ছিল।
অভিযানে প্রায় ২১ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। এসব বস্তায় মোট ৩০ হাজার কেজি সার ছিল। এ ছাড়া পাচারকাজে ব্যবহৃত দুটি ট্রাকসহ দুই পাচারকারীকে আটক করা হয়।
জব্দ সার, ট্রাক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’


