ডিএনসিসিতে যুক্ত হলো ৫ নতুন কন্টেইনার ক্যারিয়ার ট্রাক

ডিএনসিসিতে যুক্ত হলো ৫ নতুন কন্টেইনার ক্যারিয়ার ট্রাক
ট্রাকগুলোর উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে পাঁচটি নতুন কন্টেইনার ক্যারিয়ার ট্রাক যুক্ত করা হয়েছে।

রোববার সকালে রাজধানীর গাবতলীর প্রস্তাবিত কাঁচাবাজার এলাকায় ডিএনসিসির পরিবহন ডিপোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ট্রাকগুলোর উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। উদ্বোধনের পর তিনি নিজে একটি ট্রাক চালিয়ে এর কার্যক্রম পরীক্ষা করেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, বাসাবাড়ির বর্জ্য দ্রুত অপসারণ এবং সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) থেকে বর্জ্য পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে নতুন পাঁচটি কন্টেইনার ক্যারিয়ার ট্রাক চালু করা হয়েছে। আগামীতে আরও ১০টি কন্টেইনার ক্যারিয়ার ট্রাক যুক্ত করা হবে।

তিনি বলেন, নগরবাসীকে দ্রুত ও উন্নত সেবা দিতে বর্জ্য ব্যবস্থাপনাকে আরও সহজ ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ট্রাকগুলো যুক্ত হওয়ায় কম সময়ে বর্জ্য নির্ধারিত ল্যান্ডফিলে নেওয়া সম্ভব হবে এবং ডিএনসিসির বর্জ্য পরিবহনের সক্ষমতা বাড়বে।

প্রশাসক জানান, ডিএনসিসির আওতাধীন এলাকায় বর্তমানে ১৮০ থেকে ২০০টি গাড়ির মাধ্যমে প্রতিদিন প্রায় চার হাজার টন বর্জ্য অপসারণ করা হচ্ছে। নতুন পাঁচটি ট্রাক এ ব্যবস্থাপনায় যুক্ত হওয়ায় বর্জ্য অপসারণ কার্যক্রমে আরও গতি আসবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

এদিকে, অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা প্রসঙ্গে ডিএনসিসি প্রশাসক বলেন, সংস্কার কার্যক্রম ও বিভিন্ন কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের ফলে বর্তমানে ডিএনসিসির আওতাধীন এলাকায় জলাবদ্ধতার সমস্যা অনেকটাই সমাধান হয়েছে। এ ক্ষেত্রে সিটি করপোরেশন প্রায় সফলতা অর্জন করেছে বলেও তিনি দাবি করেন।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন ডিএনসিসি প্রশাসক। তিনি জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ৯০ দিনের বিশেষ কর্মসূচির আওতায় ডিএনসিসি কাজ শুরু করেছে। কর্মসূচির অংশ হিসেবে প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, এডিস মশার লার্ভা ধ্বংস, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানা করা হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা মাঠপর্যায়ে কাজ করছেন। আগামী তিন মাসের মধ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ডিএনসিসি সূত্রে জানানো হয়, সিটি করপোরেশনের আওতাধীন এলাকার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) থেকে দ্রুত ও দক্ষতার সঙ্গে বর্জ্য অপসারণে নতুন ট্রাকগুলো ব্যবহার করা হবে।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হুমায়ুন কবির, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল রাকিব হাসান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরুল কায়েসসহ সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad