সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় তাকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, খবর পেয়ে তিনি ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহটি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা ঘটনাস্থলে আসার পর থানা পুলিশ রুমে প্রবেশ করবে।
মরিয়ম অন্তঃসত্ত্বা ছিলেন কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছে পুলিশ।
গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। ওই ঘটনার পর নৈতিক স্খলনের অভিযোগে তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়।
আরও পড়ুন>>>
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, তরুণীকে দ্বিতীয় স্ত্রী দাবি
গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার


