মাদারীপুরের ডাসার উপজেলা থেকে আহত অবস্থায় বিলুপ্তপ্রায় একটি গ্রে ফিশ ঈগল উদ্ধার করেছে বন বিভাগের কর্মকর্তারা। উদ্ধারের পর জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তত্ত্বাবধানে পাখিটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার সকালে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পাথুরিয়ারপাড় এলাকার স্থানীয়দের দেওয়া খবর পেয়ে বন বিভাগের একটি দল পাখিটিকে উদ্ধার করেন। মাদারীপুরের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম রোববার বিকালে এ তথ্য জানিয়েছেন।

মাদারীপুরের ভারপ্রাপ্ত বন কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, গত শনিবার সকালে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পাথুরিয়ারপাড় এলাকার স্থানীয়রা একটি পরিত্যক্ত জঙ্গলে আহত অবস্থায় গ্রে ফিশ ঈগলটিকে দেখতে পেয়ে বন বিভাগে খবর দেন। পরে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে পাখিটিকে উদ্ধার করে নিয়ে আসেন। এ সময় পাখিটির ডান পাশের ডানাটিতে ক্ষত দেখতে পাওয়া যায় এবং সেটি উড়তে পারছিল না। উদ্ধারের পর জেলা প্রাণী সম্পদ কার্যালয়ে নিয়ে পাখিটির চিকিৎসার ব্যবস্থা করা হয়।
মাদারীপুরের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম বলেন, ‘শনিবার খবর পেয়েই আমরা গ্রে ফিশ ঈগল উদ্ধার করি। ইয়ক প্রজাতির এই পাখিটি মাদারীপুরসহ এই অঞ্চলে খুব একটা দেখতে পাওয়া যায় না। এই এলাকায় এই পাখিটি বিরল। এখন জেলা প্রাণী সম্পদ কার্যালয় ও বন বিভাগরে তত্ত্বাবধানে পাখিটির চিকিৎসা চলছে। চিকিৎসা শেষে পাখিটি যদি উড়তে পারে, তাহলে সেটিকে মাদারীপুরের কোনো উন্মুক্ত স্থানে অবমুক্ত করা হবে। আর যদি সুস্থ না হয়, তবে সেটিকে খুলনা বন বিভাগের প্রাণী সংরক্ষণ কার্যালয়ে পাঠানো হবে।


