রাজধানী ঢাকার মোহাম্মদপুরে সেনাবাহিনী ও এসআরবি পরিচয়ে নবীনগর হাউজিং এলাকার কিশোর গ্যাংসহ একটি বাড়িতে ঢুকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঢাকা মহানগর উত্তর ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক ইব্রাহিম হোসেন ওরফে তালা ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। চাঁদা দাবি ও মারধরের অভিযোগে এরইমধ্যে মোহাম্মদপুর থানায় মামলা করেছেন ভূক্তভোগী মো. রাতুল।
স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহিম ওরফে তালা ইব্রাহিম ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদা না দেওয়ায় তালা লাগিয়ে দেন। এরপর অনেকে বাধ্য হয়ে প্রতিষ্ঠানকে তালা খুলতে চাঁদা দিতে হয়েছে। তিনি মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় আলোচিত সংঘবদ্ধ ধর্ষণ মামলার চার্জশিটভুক্ত আসামি।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, ঢাকা মহানগর উত্তরের ৩৩ নম্বর ওয়ার্ড যুবদল কমিটি নানা অনিয়ম, অভিযোগ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিলুপ্ত ঘোষণা করা হয়।
মামলার এজহারে বলা হয়, মোহাম্মদপুর নবীনগর হাউজিংয়ের ৭ নম্বর রোডের একটি বাসায় সেনাবাহিনী ও এসআরবি পরিচয় দিয়ে ১৫-২০ জনের একটি দল প্রবেশ করে। এরপর বাসায় থাকা লোকজনকে জিম্মি করে মারধর করে নগদ ১২ হাজার টাকা এবং ৪৫ হাজার টাকা মূল্যের হাতঘড়ি ছিনিয়ে নিয়ে যায়।
এজহারে বাদী আরও উল্লেখ করেন, ‘চাঁদা নিতে আসা ব্যক্তিদের পরিচয় সন্দেহ হলে আমি মোহাম্মদপুর থানা পুলিশকে কল করলে তারা আমাকে হুমকি দিয়ে বাসা থেকে দ্রুত বের হয়ে যায়। বের হওয়ার সময় তারা বলে যায় যে, নিচে সেনাবাহিনী ও এসআরবির গাড়ি দাঁড়িয়ে আছে। আমাকে গ্রেপ্তার করার জন্য বাসায় আসতেছে। এরপর তারা দ্রুত পালিয়ে গেলে আমি মোহাম্মদপুর থানায় গিয়ে মামলা করি।’
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, ‘আমরা চাঁদাবাজি মামলায় যুবদলের এক বহিস্কৃত নেতাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। আমরা তার বিরুদ্ধে আইননাুগ ব্যবস্থার পর আদালতে সোপর্দ করব।’


