জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে অভিযোগ জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। মামলার শুনানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ অনুষ্ঠিত হবে।
প্রসিকিউটর তামিম জানান, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই এবং ৪ ও ৫ আগস্ট মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও পল্লবীর কয়েকটি এলাকায় ৫০ জনের বেশি নিরীহ, নিরস্ত্র ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
আনুষ্ঠানিক অভিযোগে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে অভিযুক্তদের ভূমিকা এবং মিরপুর এলাকায় হামলা, গুলিবর্ষণ, হত্যা ও দমন-পীড়নের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে। তবে ১৯ জনের মধ্যে উল্লেখযোগ্য তিনজনের নাম প্রকাশ করা হলেও বাকি আসামিদের নাম প্রসিকিউশনের পক্ষ থেকে এখনো জানানো হয়নি।
প্রসিকিউশন জানায়, এ মামলায় দীর্ঘ তদন্ত শেষে তদন্ত সংস্থা সম্প্রতি চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন যাচাই-বাছাইয়ের পর সেটি আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।


