বাগেরহাটে নাইলনের ফেন্সিং বেড়া ছিঁড়ে বাঘ ঢুকে পড়ায় ভয়ে ওয়াচ টাওয়ারে উঠে আশ্রয় নিয়েছেন আলীবান্দা ইকো-ট্যুরিজম কেন্দ্রের নিরস্ত্র বনরক্ষীরা।
বুধবার দুপুর ১২টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে এ ঘটনা ঘটে। পরে প্রায় পাঁচ ঘণ্টা স্থানটিতে অবস্থান শেষে বিকাল ৫টার দিকে বাঘটি পুনঃরায় বনে ফিরে যায়।
শরণখোলা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, বন্য শূকরে ফেন্সিং বেড়া কেটে ফেলায় সেই পথ দিয়ে বাঘটি ভেতরে ঢুকে থাকতে পারে।
খবর পেয়ে দুপুর ২টার দিকে রেঞ্জ অফিস থেকে অস্ত্রধারী বনরক্ষীদের পাশাপাশি ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি), কমিউনিটি প্যাট্রলিং গ্রুপ (সিপিজি) ও ওয়াইল্ড টিমের ১৫ সদস্য ঘটনাস্থলে পৌঁছান। তারা বাঘটিকে ফেরাতে তারা বেড়ার এক পাশ খুলে দেন। মাইকে হুইসেল ও টিন পিটিয়ে কাজ না হওয়ায় ১০টি আতশবাজি ফোটানো হয়।

ওয়াইল্ড টিমের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার জানান, বিকাল ৫টার দিকে তল্লাশি চালিয়ে প্রবেশ ও বের হওয়ার পায়ের ছাপ দেখে বাঘটি বনে ফেরার বিষয়ে নিশ্চিত হওয়া যায়। তবে বৃষ্টির কারণে বাঘটিকে সরাসরি দেখা যায়নি।
আলীবান্দা ইকো-ট্যুরিজম কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. ফারুকহল ইসলাম বলেন, ‘দুপুর ১২টার দিকে বেড়া ভেদ করে বাঘটি ভেতরে ঢোকে। অস্ত্র না থাকায় আমরা ওয়াচ টাওয়ারে উঠে আশ্রয় নিই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তারা অস্ত্রধারী বনরক্ষী ও স্বেচ্ছাসেবকদের পাঠায়।’
ঘটনার পর থেকে আলীবান্দা কেন্দ্রের বনরক্ষীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বন বিভাগ।


