কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান। তিনি আগের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হকের স্থলাভিষিক্ত হলেন।
বৃহস্পতিবার কোস্ট গার্ড সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ বইতে সই করার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব নেন। অনুষ্ঠানে কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন মহাপরিচালক মঈনুল হাসান ১৯৮৯ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৯২ সালে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চল এবং বাংলাদেশ নেভাল ফ্লিটের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের প্রথম কমান্ড্যান্ট, কমোডর নেভাল এভিয়েশন এবং নৌ সদর দপ্তরে পরিচালক নৌ পরিকল্পনা, পরিচালক নৌ এভিয়েশন ও নেভাল সেক্রেটারি হিসেবে কাজ করেছেন। এর আগে তিনি কোস্ট গার্ডের উপমহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
তিনি দেশ ও বিদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে উচ্চতর প্রশিক্ষণ ও ডিগ্রি অর্জন করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনসহ বিভিন্ন আন্তর্জাতিক সামরিক মহড়া ও সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
পেশাগত কাজের স্বীকৃতিস্বরূপ তিনি নৌবাহিনী পদক, বিশিষ্ট সেবা পদক এবং বাংলাদেশ কোস্ট গার্ড পদকে ভূষিত হয়েছেন।
নতুন মহাপরিচালকের দক্ষ নেতৃত্বে কোস্ট গার্ডের পেশাগত সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা জোরদার হবে বলে আশা করা হচ্ছে।


