প্রধানমন্ত্রীকে সভাপতি করে ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি’ গঠন করেছে সরকার। বৃহস্পতিবার রাতে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধানমন্ত্রীকে সভাপতি করে গঠিত এই কমিটিতে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা, সচিব ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানসহ ১৯ জন সদস্য ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন।
এতে অর্থ ও পরিকল্পনা; স্বরাষ্ট্র; পররাষ্ট্র; ভূমি; আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
এ ছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টাকে করা হয়েছে প্রধান সমন্বয়ক। তিন পার্বত্য জেলা থেকে নির্বাচিত সংসদ সদস্যরাও কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।


আর প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালককে সদস্য-সচিবের দায়িত্ব দেওয়ার পাশাপাশি ডিজিএফআই-কে কমিটির প্রধান সচিবালয় হিসেবে নির্ধারণ করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার নির্ধারণ, আন্তসংস্থা বাস্তবায়ন তদারকিকরণ, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যপরিধি নির্ধারণ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কর্মকৌশল চূড়ান্তকরণ ও বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করা এই কমিটির মূল কার্যপরিধি।
প্রজ্ঞাপন অনুযায়ী এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।


