রাজধানীর বিমানবন্দর এলাকায় চলন্ত ট্রেন থেকে এক কিশোরকে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে আবু হুরায়রা (১৪) নামে ওই কিশোরের একটি পা এবং একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে অন্য পা-ও। বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল সংলগ্ন রেললাইনে এই ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সন্ধ্যায় তার অস্ত্রোপচার শুরু হয়।
হাসপাতালে আহত আবু হুরায়রা বাবা মো. আল-আমিন জানান, তাদের বাড়ি নরসিংদীর বেলাবো থানার ওয়ারী-বটেশ্বর গ্রামে। কুমিল্লার লাঙ্গলকোট এলাকায় একটি ক্যাডেট মাদ্রাসায় হেফজ বিভাগে পড়ত সে এবং কোরআনের ২০ পারার হাফেজ হয়েছে।
তার বাবা কুমিল্লা সদর হুজুড়াপাড়া এলাকায় থেকে ফুটপাতে টুপি বিক্রি করেন। মাদ্রাসায় নিয়মিত পড়াশোনা না করায় বর্তমানে বাবার দোকানেই বেচাকেনা করত হুরায়রা।
তিনি বলেন, বুধবার সন্ধ্যায় দোকান থেকে বেরিয়ে যায় হুরায়রা এবং এরপর আর বাসায় ফেরেনি। বৃহস্পতিবার সকালে অচেনা নম্বর থেকে ফোন করে তাকে জানানো হয়, বিমানবন্দর এলাকায় ট্রেনে কাটা পড়েছে তার ছেলে। পরে তিনি কুমিল্লা থেকে ঢাকায় এসে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন দেখতে পান হুরায়রাকে। ছেলের কাছ থেকে তখন তিনি জানতে পারেন, কুমিল্লা থেকে পরিচিত একজনের সঙ্গে ঘুরতে ঢাকায় আসার জন্য বুধবার রাতে রওনা দিয়েছিল সে।
বৃহস্পতিবার ভোরে কমলাপুর পৌঁছায় এবং তখন ভালো না লাগায় কমলাপুর থেকে চট্টলা এক্সপ্রেস ট্রেনে করে আবার কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়েছিল।
আহত কিশোরের মা জানান, বিমানবন্দর এলাকায় চলন্ত ট্রেনেই তার সঙ্গে থাকা একজন তার মানিব্যাগ, ফোন ও হাতঘড়ি ছিনিয়ে নিয়ে ট্রেনের দরজার সামনে থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তখনই সে ট্রেনের নিচে চলে যায়।
এতে তার বাম পা হাঁটুর কাছ থেকে এবং বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেছে, এমনকি ডান পা-ও ঝুলে আছে। তার অবস্থা খুবই গুরুতর বলে চিকিৎসকরা তাদের জানিয়েছেন।
ঢাকা রেলওয়ের বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মাহবুব জানান, বিমানবন্দর এলাকায় ট্রেন থেকে পড়ে এক কিশোর গুরুতর আহত হয়েছে বলে তারা জানতে পেরেছেন। তবে সে কীভাবে পড়ে গেছে নাকি ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে, সেটি এখনো জানা যায়নি এবং বিস্তারিত জানার চেষ্টা চলছে।
অপরদিকে, খিলগাঁও এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে মিঠু (২৫) নামে এক যুবক আহত হয়েছে। সে পেশাদার ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, ওই যুবক ট্রেনের ছাদে চুরি ও ছিনতাই করত এবং তার বাড়ি চাঁদপুর। বেলা সাড় ১২টার দিকে তারা খবর পান খিলগাঁও এলাকায় রেললাইনের পাশে সে আহত অবস্থায় পড়ে আছে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় এবং তার পরিবারকে খবর দেওয়া হয়।


