সিলেট শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১২১ শিক্ষার্থী। একই সঙ্গে ফেল থেকে পাস করেছে ১৮৬ জন।
বৃহস্পতিবার সকালে প্রকাশিত পুনঃনিরীক্ষণের ফলাফলে এ তথ্য জানা গেছে।
সিলেট শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর ২০ হাজার ৭৮৩ শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করে। এসব শিক্ষার্থী মোট ৫০ হাজার ৭১৩টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিল।
আরও পড়ুন: এসএসসি পুনর্নিরীক্ষণ/ বরিশাল-কুমিল্লায় ফেল থেকে পাস ৪১৫, জিপিএ-৫ পেল ৩১৯ জন
পুনঃনিরীক্ষণে দুই হাজার ৫৮৭টি খাতায় নম্বর পরিবর্তন হয়েছে। এতে দুই হাজার ৩২০ শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে এক হাজার ২৮৬ জনের গ্রেড পয়েন্ট পরিবর্তিত হয়েছে এবং ৯৮৬ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। অকৃতকার্য হওয়া ১৮৬ শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের পর উত্তীর্ণ হয়েছে।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিস ইয়াছমীন বলেন, চলতি শিক্ষাবর্ষে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১২১ জন শিক্ষার্থী। পাশাপাশি ১৮৬জন শিক্ষার্থী ফেল থেকে উত্তীর্ণ হয়েছেন এবং অনুত্তীর্ণ থেকে অনুত্তীর্ণ রয়েছেন আরও ১৫৭ জন।


