চুয়াডাঙ্গার জীবননগরে যাত্রীবাহী পূর্বাশা পরিবহনের একটি বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আহরণ (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদেরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে জীবননগর-দওনগর সড়কের পাথিলা ঈদগাহের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আহরণ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কাজীরবেড় গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। তার ছেলে আসিফ (২২) গুরুতর আহত হওয়ায় তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যশোরে পাঠানো হয়েছে। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানায়, দত্তনগর থেকে পূর্বাশা পরিবহনের একটি বাস জীবননগরের দিকে আসছিলো। অপরদিকে জীবননগর থেকে একটি ইজিবাইক দত্তনগরের দিকে যাচ্ছিল। ইজিবাইকটি পাথিলা ঈদগাহের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে ইজিবাইক আরোহী ওই নারীর মৃত্যু হয় ঘটনাস্থলেই । ইজিবাইকে থাকা অন্যরা গুরুতর আহত হন।
জীবননগর থানার ওসি মো. সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


