বগুড়ায় অতিথি ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে ব্যাটারিচালিত অটোরিকশাচালকসহ পাঁচজন আহত হয়েছেন।
শনিবার দুপুর সোয়া ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের তিনমাথা ছোট বেলাইল এলাকায় এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে গ্যাস প্ল্যান্টের ছাউনি, নিরাপত্তাদেয়াল, ট্যাংকসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিলিং স্টেশনে থাকা কয়েকটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফিলিং স্টেশনের কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর সোয়া ১টার দিকে গ্যাস প্ল্যান্টের সরবরাহ লাইনে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে প্ল্যান্টের ছাউনি ছিন্নভিন্ন হয়ে যায়। এ সময় গ্যাস নিতে কয়েকটি অটোরিকশা সেখানে অবস্থান করছিল। সেগুলোর কয়েকটি আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
বিস্ফোরণে অটোরিকশাচালকসহ পাঁচজন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদের মধ্যে তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বগুড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, ‘গ্যাস রিফিলের স্থানে বিস্ফোরণ হয়েছে। প্রাথমিকভাবে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।’
অতিথি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক সানোয়ার হোসেন বলেন, ‘বিস্ফোরণ কীভাবে ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’


