২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট ৬ লেন প্রকল্প: সেতুমন্ত্রী

২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট ৬ লেন প্রকল্প: সেতুমন্ত্রী
ছবি: টাইমস
Advertisement
Advertisement

২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় মহাসড়কের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড়কটি খুবই গুরুত্বপূর্ণ। প্রকল্পটি অনেক আগে নেওয়া হলেও সাড়ে চার বছরেও কাজের অগ্রগতি সন্তোষজনক ছিল না। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর কাজ দ্রুত শেষ করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।’

তিনি বলেন, ‘গত ছয় মাসে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ায় ভূমি অধিগ্রহণের অগ্রগতি প্রায় ৫৬ শতাংশে পৌঁছেছে। আশা করছি, দুই মাসের মধ্যে শতভাগ ভূমি অধিগ্রহণ শেষ হবে। ভৌত কাজের অগ্রগতি প্রায় ২৭ শতাংশ।’

আরও পড়ুন

প্রকল্পের ১৩টি প্যাকেজের মধ্যে পাঁচটির অগ্রগতি অসন্তোষজনক জানিয়ে মন্ত্রী বলেন, ‘বাকি আটটি প্যাকেজের কাজ সন্তোষজনক। যেখানে কাজের বিচ্যুতি আছে, সেগুলো কাটিয়ে দ্রুত প্রকল্প বাস্তবায়ন করতে চাই। ২০২৯ সালের জুনের মধ্যে দরপত্র অনুযায়ী নির্মাণকাজ শেষ করে মহাসড়কটি জনগণের জন্য উন্মুক্ত করতে চাই।’

জনদুর্ভোগের বিষয়ে তিনি বলেন, ‘বর্তমানে কাজের অগ্রগতি সন্তোষজনক। তবে কিছুটা জনদুর্ভোগ হচ্ছে। গত চার বছর প্রকল্পের কাজে তেমন অগ্রগতি হয়নি। ভূমি অধিগ্রহণ বড় সমস্যা ছিল। আমরা সেখান থেকে উত্তরণের চেষ্টা করছি। ভৌত কাজ যেখানে সন্তোষজনক নয়, সেখানে কাজের গতি বাড়ানোর চেষ্টা চলছে।’

এ সময় মন্ত্রীর সঙ্গে প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad