কুষ্টিয়ার পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার ১০ পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় অচেতন হয়ে পড়েন।
পরে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে সদর পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার খাওয়ার পর ক্যাম্পের ইনচার্জ (আইসি) মনিরুজ্জামান ও এএসআই শরিফুল ইসলামসহ ১০ পুলিশ সদস্য অসুস্থ হন।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক বলেন, অসুস্থ পুলিশ সদস্যদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন কুষ্টিয়া পুলিশ সুপার আমিনুল ইসলাম।
রাতের খাবার খাওয়ার পরই একসঙ্গে এতজন পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়ায় খাবারে বিষক্রিয়ার বিষয়টি সামনে এসেছে। তবে ঠিক কী কারণে তারা অসুস্থ হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ বলছে, এ ঘটনায় পুলিশ ক্যাম্পে খাওয়া খাবার পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং অসুস্থতার প্রকৃত কারণ কী, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
কুষ্টিয়া ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পে এসেছি। বিষয়টি তদন্ত করে পরে জানাতে পারবো।


