চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছে চুয়েট শিক্ষক সমিতি।
শিক্ষার্থীদের সর্বাত্মক শাটডাউন কর্মসূচির মধ্যেই শিক্ষক সমিতি এ কর্মসূচি ঘোষণা করল।
বৃহস্পতিবার রাতে সংগঠনটির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়েট শিক্ষক সমিতির সভাপতি মো. আহসানউল্লাহ।
শিক্ষক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর রাত থেকেই পূর্ণ কর্মবিরতি শুরু হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে সংগঠনটির জরুরি সভার সিদ্ধান্তে জানানো হয়েছে।
শিক্ষক সমিতির সভাপতি মো. আহসানউল্লাহ ও সাধারণ সম্পাদক মো. আবুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়েটের উপাচার্য পদ থেকে আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ এবং নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষক সমিতির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংগঠনের সদস্যদের নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শিক্ষক সমিতি।
শিক্ষক সমিতির কর্মবিরতির সিদ্ধান্তের কয়েক ঘণ্টা আগে বৃহস্পতিবার অনলাইনের মাধ্যমে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে যোগদান করেন শেখ শরীফুল আলম।
তিনি জানান, অনলাইনে তার যোগদান সম্পন্ন হয়েছে এবং শিক্ষা সচিব তার যোগদানপত্র গ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট পক্ষগুলোকে বিষয়টি জানানো হয়েছে।
ক্যাম্পাসে যাওয়ার বিষয়ে শেখ শরীফুল আলম বলেন, তিনি শিগগিরই ক্যাম্পাসে যাবেন। এর আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করবেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার উপাচার্য পদে যোগদান অধ্যাপক শেখ শরীফুল আলম। পরে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে তার যোগদানপত্র পাঠান। এর আগে তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো চুয়েটে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করেন তারা। পাশাপাশি গণস্বাক্ষর কর্মসূচিও পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যায় মশাল মিছিলের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।


