সিরাজগঞ্জের শাহজাদপুরে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মোমিনুল ইসলাম (৩৫) নামে এক সিএনজিচালক নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৬টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উপজেলার সরিষাকোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোমিনুল ইসলাম শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালে যাত্রীর অপেক্ষায় সরিষাকোল বাজার এলাকায় সিএনজি অটোরিকশায় বসে ছিলেন মোমিনুল। এ সময় সিরাজগঞ্জ রোডের দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক পেছন থেকে তার সিএনজিতে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ পারভেজ আহমেদ বলেন, সকাল ৬টা ৩৭ মিনিটের দিকে সরিষাকোল বাজারে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। পরে পুলিশকে অবহিত করে নিহতের মরদেহ উদ্ধার করা হয় এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ট্রাকটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


