নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অস্ত্রধারীদের গুলিতে আনোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যবসায়ী ও জামায়াত কর্মীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার দুপুরে উপজেলার আমানুল্লাহপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আনোয়ার হোসেন আমানুল্লাহপুর ইউনিয়নের জয়নারায়নপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি স্থানীয় ফলোয়ান বাজারের একজন ব্যবসায়ী এবং জামায়াতে ইসলামীর কর্মী বলে জানা গেছে। অন্য গুলিবিদ্ধরা হলেন ২ নং ওয়ার্ডের সৌরভ (২২) ও শিহাব (২৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আইয়ুবপুর এলাকার একটি দাওয়াত শেষে বাড়ি ফিরছিলেন আনোয়ার হোসেন। পথিমধ্যে আমানউল্লাহপুর পাটোয়ারী বাড়ির সামনে পৌঁছালে স্থানীয় তারেকের নেতৃত্বে ১৫-২০ জনের একদল অস্ত্রধারী তাদের গতিরোধ করে হামলা চালায়। এ সময় অস্ত্রধারীরা আনোয়ার হোসেনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। তাকে উদ্ধার ও সহযোগিতা করতে এগিয়ে এলে সৌরভ ও শিহাবও গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আনোয়ার হোসেন জানান, ‘হামলাকারীদের অধিকাংশই আমানুল্লাহপুর এলাকার এবং তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তারেকের নেতৃত্বে ১৫-২০ জন অস্ত্রধারী এসে আমাদের ওপর হামলা ও গুলি চালায়।’
তবে কী কারণে এই হামলা হয়েছে, সে বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে কিছু নিশ্চিত করতে পারেননি।
এ বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার এম এম নাসিরুদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত ও তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


