কক্সবাজারের টেকনাফ থেকে মুক্তিপণের দাবিতে অপহৃত ১৫ বছরের কিশোর মো. জসিমকে উখিয়া থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি)। এ ঘটনায় জামাল হোসেন (৩১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজংপাড়া রাস্তার মাথায় অভিযান চালিয়ে ওই কিশোরকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জামাল হোসেন টেকনাফ উপজেলার হাতিয়ার ঘোনা এলাকার বশির আহমদের ছেলে।
এসআরবি-১৫ সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর রাতে টেকনাফের দক্ষিণ লেঙ্গুর বিল এলাকা থেকে জসিম নিখোঁজ হয়। ২৭ সেপ্টেম্বর অজ্ঞাত একটি নম্বর থেকে তার বাবা সৈয়দ আহম্মদের ইমোতে ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে জসিমকে হত্যার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় সোমবার টেকনাফ থানায় সাধারণ ডায়েরি করা হয়।
এরপর গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-২ হোয়াইক্যংয়ের একটি দল রাজাপালংয়ে অভিযান চালিয়ে কিশোর জসিমকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং জামাল হোসেনকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ. ম. ফারুক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহৃত কিশোরকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার এবং অপহরণের কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার হওয়া কিশোরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’


