রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৫১টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগে ৪৪, ওয়ারীতে ৫৪, মতিঝিলে ৭৫, তেজগাঁওয়ে ৯৬, মিরপুরে ৯২, গুলশানে ৪৬, উত্তরা বিভাগে ৯৩, গোয়েন্দা বিভাগে ১৬ এবং সিটিটিসিতে একজন রয়েছেন।
অভিযানকালে ৩৬ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১৭ হাজার ৩৪৫ পিস ইয়াবা ও ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি মোটরসাইকেল, ১০টি মোবাইল ফোন ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


