ফেসবুক পোস্টকে কেন্দ্র করে জবি ছাত্রদলের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৩

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে জবি ছাত্রদলের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৩
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। আহত দুজনকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

রোববার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন ভিক্টোরিয়া পার্ক এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা ক্যাম্পাসের কাঁঠালতলা এলাকায় ছড়িয়ে পড়ে। সেখানে কয়েকজনকে রড ও পাইপ নিয়ে হামলা করতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান।

আহতরা হলেন অর্থনীতি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাদুদ, ইংরেজি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসিফ এবং লোকপ্রশাসন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভিক্টোরিয়া পার্কে একটি চায়ের দোকানের পাশে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও সংঘর্ষের সূত্রপাত হয়। পরে কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসের কাঁঠালতলা এলাকায় গিয়ে সংঘর্ষে জড়ান।

ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার রাতে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন অনিকের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ওই পোস্টে শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিনকে কটাক্ষ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এরপর থেকেই ক্যাম্পাসে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলছিল।

শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন অনিক অভিযোগ করেন, শামসুল আরেফিনের সঙ্গে থাকা কয়েকজন শিক্ষার্থী ও বহিরাগত ব্যক্তি তাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছেন।

আরও পড়ুন

তিনি বলেন, ‘গতকাল রাতেও আমাদের মারধরের হুমকি দেওয়া হয়েছিল। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও জানিয়েছিলাম। আজ ভিক্টোরিয়া পার্কের গেটের পাশে আমরা চা খাওয়ার সময় রড ও পাইপ নিয়ে অতর্কিত হামলা চালানো হয়।’

শামসুল আরেফিনের গ্রুপের অধিকাংশ নেতাকর্মীর ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলেও দাবি করেন নাহিয়ান।

তবেএ বিষয়ে ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আজম খান বলেন, ‘দুই গ্রুপের নাম জানি না। তবে সংঘর্ষ হয়েছে। আমরা পুলিশ ডেকে নিয়ে এসেছি। এখন মোটামুটি পরিস্থিতি শান্ত আছে। উল্লেখযোগ্যভাবে কেউ আহত হয়নি। টুকটাক হয়ত আঘাত লেগেছে।’

তিনি জানান, সংঘর্ষের পর ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই পক্ষের মধ্যে উত্তেজনার সুনির্দিষ্ট কারণ এবং সংঘর্ষে কারা জড়িত ছিল, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে, গত বুধবার রাতে জবি শাখা ছাত্রদল আয়োজিত কনসার্ট অনুষ্ঠান চলাকালে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের সামনে কাঁঠালতলা এলাকায় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় শাখা ছাত্রদলের দুই যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রদল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad