ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটে রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটে রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি
ছবি: সৌজন্য
Advertisement
Advertisement

‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্ট’-এর অষ্টম আসরে রানার্স আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি ক্রিকেট দল। বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ইউরোপীয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের কাছে ২৭ রানে পরাজিত হয়ে রানার্স আপের শিরোপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশ ইউনিভার্সিটিকে।

ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ইউরোপীয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। নির্ধারিত ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৫৮ রান। দলের পক্ষে অধিনায়ক নিলয় মাত্র ১০ বলে সর্বোচ্চ ৪০ রান করেন। এছাড়া মাহফুজ ১৭ বলে ৩৬, ফাহাদ ১০ বলে ৩৬ এবং সাকের করেন ২৮ রান। বাংলাদেশ ইউনিভার্সিটির হয়ে রানা ১০ রান দিয়ে দুটি এবং সালাম ২৪ রান দিয়ে এক উইকেট নেন।

১৫৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ ইউনিভার্সিটি। দলের দুই ওপেনার মহব্বত ও জহিরুল দ্রুত ফিরে গেলে চাপ তৈরি হয়। মহব্বত ১ বল খেলে কোনো রান না করেই এবং জহিরুল ১০ বলে ১০ রান করে আউট হন।

এরপর রানা ও মিনহাজুল দলের হাল ধরার চেষ্টা করেন। তবে প্রতিপক্ষের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে বড় জুটি গড়ে তুলতে পারেননি তারা। শেষদিকে শাহপরান ও মিনহাজুলের ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচে ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত নির্ধারিত ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩১ রানেই থামে বাংলাদেশ ইউনিভার্সিটির ইনিংস।

বাংলাদেশ ইউনিভার্সিটির পক্ষে ব্যাট হাতে ঝড় তোলেন শাহপরান। মাত্র ৯ বলে ৪৩ রান করে তিনি দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। মিনহাজুল ৭ বলে ৪০ এবং রানা ২১ বলে ৩২ রান করেন। ইউরোপীয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের হয়ে হাফিজ ২২ রান দিয়ে এবং আশরাফুল ১২ রান দিয়ে একটি করে উইকেট নেন।

আরও পড়ুন

ফাইনাল শেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন আয়োজক কমিটির সদস্যরা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তিন তারকা আতাহার আলী খান, আকরাম খান ও খালেদ মাসুদ পাইলটের প্রতিষ্ঠান ‘থ্রি ক্রিকস’ বরাবরের মতো এবারও টুর্নামেন্টের আয়োজক।

জনপ্রিয় বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের এবারের আসরে ৩২টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়।

টুর্নামেন্টজুড়ে ব্যাট হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটির মিনহাজুল। ২১০ রান করে তিনি হয়েছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। পাশাপাশি ৩১টি ছক্কা মেরে টুর্নামেন্টের সর্বোচ্চ ছক্কা হাঁকানোর কৃতিত্বও অর্জন করেছেন তিনি। অন্যদিকে বাংলাদেশ ইউনিভার্সিটির সোহেল রানা টুর্নামেন্টে সর্বোচ্চ ১১টি বাউন্ডারি মেরে অর্জন করেছেন সর্বোচ্চ বাউন্ডারি হাঁকানোর স্বীকৃতি।

উল্লেখ্য, ‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্ট’-এর আগের সাত আসরের মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি ক্রিকেট দল তিনবার চ্যাম্পিয়ন এবং দুইবার রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে। এবারের রানার্স আপ সাফল্যের মধ্য দিয়ে দেশের অন্যতম সফল বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল হিসেবে নিজেদের অবস্থান আরও একবার তুলে ধরল বাংলাদেশ ইউনিভার্সিটি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad