রাজধানীর সূত্রাপুরে পারিবারিক কলহের জেরে পেট্রল ঢেলে দেওয়া আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিদ্দিক ব্যাপারী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার ছেলেসহ অন্য স্বজনেরাও দগ্ধ হয়েছিলেন; যার মধ্যে ইতিপূর্বে ছেলেরও মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান সিদ্দিক ব্যাপারী।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ জানান, সিদ্দিকের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে ঘটনায় দগ্ধ রাজিব ১৫ শতাংশ, আরিফ ৮ শতাংশ ও তানিয়া ৬০ শতাংশ দগ্ধ অবস্থায় সেখানে ভর্তি আছেন।
গত শনিবার বিকাল সাড় ৪টার দিকে সূত্রাপুরের শ্যামবাজার চমকটুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ আরিফুর রহমানের স্ত্রী সোনিয়া আক্তার জানান, চমকটুলির পৈতৃক সম্পত্তিতে দগ্ধ ব্যক্তিরা পাশাপাশি বাস করেন। ঘটনার আগের দিন সিদ্দিকের মেয়ে সুলতানা বাসার সামনে ময়লা পানি জমে রাখলে তা পরিষ্কার করা নিয়ে ভাগনি তানিয়ার সঙ্গে ঝগড়া হয়।
সুলতানা বিষয়টি তার সৌদিপ্রবাসী ভাই মো. ইমনকে (২৬) জানালে তিনি দেশে ফিরে আসেন। ১৯ সেপ্টেম্বর বিকালে ইমন সবাইকে হুমকি দিয়ে নিজের শরীরে পেট্রল ঢালেন এবং স্বজনদের গায়ে ছিটিয়ে আগুন ধরিয়ে দেন। এতে সবাই গুরুতর দগ্ধ হন।


