রাজধানীর সূত্রাপুরে পারিবারিক দ্বন্দ্বের জেরে শরীরে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় তিনজনের মৃত্যু হলো।
শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বার্ন ইনস্টিটিউটে মারা যান দগ্ধ তানিয়া (২০)। বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ।
তিনি জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তানিয়া। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে রাজিব শরীরের ১৫ শতাংশ ও আরিফ ৮ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছে।
এর আগে আগুনে দগ্ধ সিদ্দিক ব্যাপারী (৬০) ও তার ছেলে ইমনের (২৬) মৃত্যু হয়। তানিয়া সম্পর্কে সিদ্দিক ব্যাপারীর ভাগনি।
গত ১৯ সেপ্টেম্বর বিকাল সাড় ৪টার দিকে সূত্রাপুরের শ্যামবাজার চমকটুলি এলাকায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।
দগ্ধ আরিফুর রহমানের স্ত্রী সোনিয়া আক্তার জানান, চমকটুলির পৈতৃক সম্পত্তিতে দগ্ধ ব্যক্তিরা পাশাপাশি বাস করতেন। ঘটনার আগের দিন সিদ্দিকের মেয়ে সুলতানা বাসার সামনে ময়লা পানি জমে রাখলে তা পরিষ্কার করা নিয়ে তানিয়ার সঙ্গে ঝগড়া হয়।
সুলতানা বিষয়টি তার সৌদিপ্রবাসী ভাই মো. ইমনকে (২৬) জানালে তিনি দেশে ফিরে আসেন। ১৯ সেপ্টেম্বর বিকালে ইমন সবাইকে হুমকি দিয়ে নিজের শরীরে পেট্রল ঢালেন এবং স্বজনদের গায়ে ছিটিয়ে আগুন ধরিয়ে দেন। এতে সবাই গুরুতর দগ্ধ হন।
আরও পড়ুন>>>
রাজধানীতে পেট্রল ঢেলে আগুন: ছেলের পর দগ্ধ বাবার মৃত্যু
সৌদি থেকে ফিরে পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা যুবকের, দগ্ধ ৫


