খুলনায় আ.লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলি

খুলনায় আ.লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলি
ছবি: টাইমস
Advertisement
Advertisement

খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলমের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এ সময় বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর ও বাড়িতে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগও করেছেন তিনি।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর টুটপাড়া মওলা বাড়ির সামনে ইসলামীয়া রোডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মঞ্জুরুল আলমের দাবি, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন। বাইরে ২০ থেকে ২৫ জনের একটি মিছিল থেকে ‘জয় বাংলা’ স্লোগান শুনে তিনি বের হয়ে মিছিলটি দেখতে যান। এ সময় মিছিল থেকে এক ব্যক্তি তাকে সরে যেতে বলেন। পরে বাসায় ঢোকার সময় মিছিল থেকে তার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

তিনি অভিযোগ করেন, মিছিলকারীরা বাড়ির সামনে থাকা মোটরসাইকেল ভাঙচুর ও বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। তবে তিনি আহত হননি।

সদর থানার ওসি মো. লোকমান হোসেন বলেন, ২০ থেকে ২৫ জনের একটি দল হঠাৎ মিছিল বের করে। খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখান থেকে চার থেকে পাঁচটি ছোট শিশা উদ্ধার করা হয়েছে। এগুলো ছররা গুলির অংশ হতে পারে। এ ঘটনায় বিএনপি নেতা মামলা করবেন বলে জানান তিনি।

আরও পড়ুন

এদিকে খুলনার খালিশপুরে জুমার নামাজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী ঝটিকা মিছিল করেছেন। শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে খুলনা-যশোর মহাসড়কের আনসার উদ্দিন সড়কের মুখে এ মিছিল হয়। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের ধাওয়ায় মিছিলকারীরা সরে যান।

পুলিশ জানায়, খালিশপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনস স্কুলের সামনে থেকে আনসার উদ্দিন সড়কের মুখ পর্যন্ত মিছিলটি বের করা হয়। এতে নেতৃত্ব দেন খালিশপুর থানা কৃষক লীগের সভাপতি রতন শেখ।

মিছিলের সময় পাশের একটি মসজিদে জুমার নামাজের খুতবা চলছিল। এ সময় মসজিদ থেকে পাঁচ থেকে ছয়জন নামাজি বের হয়ে মিছিলকারীদের সঙ্গে যোগ দেওয়ার চেষ্টা করেন।

একই সময় স্থানীয় একটি চায়ের দোকানে থাকা কয়েকজন মোটরসাইকেল আরোহীও সেখানে আসেন। পরে মসজিদে নামাজরত পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন বের হয়ে মিছিলকারীদের ধাওয়া করেন। এতে মিছিলকারীরা মিছিল শেষ না করেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর বিভাগ) সুদর্শন কুমার রায় বলেন, পুলিশের সক্রিয় ভূমিকার কারণে মিছিলকারীরা মিছিল শেষ করতে পারেননি। তাদের কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad