আদালতে হাজিরা শেষে গাজীপুরে কারাগারে নেওয়ার পথে রোববার রাতে টয়লেটে যাওয়ার কথা বলে পালিয়ে গেছেন এক শীর্ষ মাদক কারবারি। তিনি ২৫ মামলার আসামি রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ‘শীর্ষ মাদক কারবারি’ পিচ্চি রাজা।
পুলিশের খাতায় ঢাকার মোহাম্মদপুর এলাকার ‘শীর্ষ মাদক কারবারি’ হিসেবে পরিচিত রাজা ওরফে ‘পিচ্চি রাজা’।
জানতে চাইলে কারা অধিদপ্তরের জেলার মাসুদ হাসান জুয়েল রাতে বলেন, গাজীপুর থেকে তাকে ঢাকার আদালতে হাজিরা দিতে আনা হয়েছিল। হাজিরা শেষে রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের নাওজোড় হাইওয়ে থানার কাছে তিনি পুলিশকে টয়লেটে যাওয়ার কথা বলেন। এরপর পুলিশ তাকে গাড়ি থেকে নামিয়ে টয়লেটে নিয়ে যায়। সেখান থেকে তিনি পালিয়ে যান।
গত ১৯ মে নেপাল থেকে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়। তখন তার সঙ্গে তার স্ত্রী ও শ্যালকও ছিলেন।
এর আগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর একবার পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করার তথ্য দিয়েছিল পুলিশ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, ওই আসামিকে রোববার সকালে কোর্ট পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছিল। আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরার পথে প্রিজন ভ্যান থেকে পালিয়ে যান তিনি।
ওই কর্মকর্তা জানান, কারাগারে ফেরার পথে নাওজোড় হাইওয়ে থানার কাছাকাছি এক জায়গায় টয়লেটে যাওয়ার কথা বলে আসামিকে ভ্যান থেকে নামানো হয়। পরে সেখান থেকে ওই আসামি পালিয়ে যান বলে পুলিশ সদস্যদের কাছ থেকে তারা জানতে পেরেছে


