নারীদের স্কুল, কলেজ ও কর্মক্ষেত্রে যাতায়াতের জন্য ১৩টি রুটে চলমান ১৪টি পিংক বাসের সংখ্যা অপ্রতুল হওয়ায় দ্রুত আরও ১০০টি বাস চালুর ব্যবস্থা নেওয়া হয়েছে।
রোববার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলামের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং এর অধীন বিভাগ ও দপ্তরগুলোর সার্বিক কার্যক্রম সম্পর্কে কমিটির সদস্যদের অবহিত করা হয়। এ সময় সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা আনতে মন্ত্রণালয়ের পরিকল্পনা ও গৃহীত কার্যক্রম নিয়েও আলোচনা হয়।
এ ছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করে সেগুলো সোজা ও প্রশস্ত করার বিষয়ে আলোচনা হয়। নতুন নেওয়া প্রকল্পগুলোতে ‘স্ট্রেইট লাইন’ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও বৈঠকে জানানো হয়।
কমিটি কর্ণফুলী টানেলের সার্ভিস এলাকায় ৭২ একর জমির ওপর নির্মিত অত্যাধুনিক বিলাসবহুল রিসোর্টের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শনের ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছে।
বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, সংসদ সদস্য লুৎফর রহমান, মো. রুহুল আমীন দুলাল, মোহাম্মদ আক্তারুজ্জামান, নেওয়াজ হালিমা আরলী, মো. রফিকুল ইসলাম খান এবং মো. মতিয়ার রহমান অংশ নেন। বিশেষ আমন্ত্রণে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানও বৈঠকে যোগ দেন।
বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিব, মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


