রাজধানীর গেন্ডারিয়ায় ইন্টারনেট সরবারহকারী একটি প্রতিষ্ঠানে এসি বিস্ফোরণে মালিকসহ দুইজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন, কাজী ফয়সাল (৪১) ও তার বন্ধু আমির হোসেন (৩৮)।
রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে গেন্ডারিয়া হাইস্কুলের পাশে হাই রেঞ্জ ইন্টারনেট নামে প্রতিষ্ঠানটিতে এ দুর্ঘটনা ঘটে।
আহমেদ রফি নামে ওই প্রতিষ্ঠানেরই এক কর্মচারী জানান, হাই রেঞ্জ ইন্টারনেট নামে ইন্টারনেট সরবারহকারী প্রতিষ্ঠানের মালিক কাজী ফয়সাল। তার বন্ধু আমির। ইসলামপুরে কাপড়ের ব্যবসা রয়েছে আমিরের। সন্ধ্যায় বন্ধুর প্রতিষ্ঠানে এসেছিলেন আড্ডা দিতে। পৌনে ৭টার দিকে হঠাৎ রুমের এসি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে তারা দুইজন দগ্ধ হন। এ ছাড়া বিভিন্ন সরঞ্জামাদি ও ক্যাবল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসও সেখানে যায়।
ঘটনার পরপরই তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন সুলতান আহমেদ জানান, কাজী ফয়সালের শরীরের ৭ আর আমির হোসেনের ১৬ শতাংশ পুড়ে গেছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।


