সিরাজগঞ্জের কাজীপুরে চেকপোস্টে তল্লাশির সময় একটি বিদেশি রিভলবার, তিন রাউন্ড তাজা গুলি ও মোটরসাইকেলসহ মো. নাসিম হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুর ২টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ।
পুলিশ জানায়, রোববার রাতে কাজীপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের সীমান্ত বাজার সড়কে নিয়মিত চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে চালক মোটরসাইকেল থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে।
তল্লাশির একপর্যায়ে নাসিমের জিন্স প্যান্টের কোমরের বাঁ পাশে গোঁজা অবস্থায় একটি রিভলবার পাওয়া যায়। পুলিশ জানায়, অস্ত্রটির ব্যারেলের পাশে ইংরেজিতে ‘বার্মা’ লেখা ছিল। এ সময় তার কাছ থেকে তিন রাউন্ড তাজা গুলি ও ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
এ ঘটনায় কাজীপুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক সহযোগীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


