ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামে দুষ্টুমি করার অভিযোগে এক শিশুকে শাসন করতে গিয়ে ফাঁসিতে ঝোলানোর চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির বাবা বর্তমানে ওমানে অবস্থান করছেন। নগরকান্দায় শিশুটি থাকেন তার মায়ের সঙ্গে। সম্প্রতি শিশুটির দুষ্টুমিকে কেন্দ্র করে তাকে শাসন করতে গিয়ে ওই মা অতিরিক্ত কঠোর আচরণ করেন বলে জানান স্থানীয়রা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শিশুটিকে ফাঁসিতে ঝোলানোর চেষ্টা করা হচ্ছে। এ সময় শিশুটিকে কান্নাজড়িত কণ্ঠে বলতে শোনা যায়, ‘আমাকে ছেড়ে দাও মা, আমাকে ছেড়ে দাও।’ শিশুটিকে উদ্ধারের জন্য বাইরে থেকে কয়েকজন প্রতিবেশী দরজা-জানালা ভাঙার চেষ্টা করছেন বলেও ভিডিওতে দেখা যায়।
স্থানীয়দের দাবি, এ সময় ওমানে অবস্থানরত শিশুটির বাবা ভিডিও কলে যুক্ত ছিলেন। তবে ভিডিওটির পুরো বিষয়বস্তু, ঘটনার প্রকৃত কারণ এবং ঘটনার সময়কার পরিস্থিতি সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানি আজাদ জানান, ‘ঘটনাটি জানার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। শিশুটিকে ও তার মাকে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত জানার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


