ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল চালকসহ আরোহী তিন কিশোর ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার আটিপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-আটিপাড়া গ্রামের বাসিন্দা কবির ঢালীর ছেলে সৌরভ ঢালী (১৪), একই গ্রামের তাওহীদ ইসলাম (১৩) ও পাশ্ববর্তী ধামসর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিন (১৪)।
নিহত তিনজনেই আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফারুক হোসেন বলেন তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বের হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আটিপাড়া এলাকায় ঢাকাগামী বেপরোয়া গতির যাত্রীবাহী সুরভী পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এসময় মোটরসাইকেল চালক সৌরভ ঢালীসহ আরোহী মোস্তাকিন ও তাওহীদ ঘটনাস্থলেই নিহত হয়।
খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করেছে। ঘটনাস্থলে বাসটি ফেলে চালক ও স্টাফরা পালিয়ে গেছে।
এ ঘটনার পর প্রায় আধাঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিলো। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানচলাচল স্বাভাবিক করে।
ওসি ফারুক হোসেন জানান, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


