গোপালগঞ্জে ৪৫০ নারী শিক্ষার্থীকে নিয়ে ডিসির সংলাপ

গোপালগঞ্জে ৪৫০ নারী শিক্ষার্থীকে নিয়ে ডিসির সংলাপ
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিজ্ঞানমনস্ক, যুক্তিবাদী ও অনুসন্ধিৎসু প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে গোপালগঞ্জে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘কসমোলজি: মহাবিশ্বের অনন্ত যাত্রা’ শীর্ষক বিজ্ঞানবিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে জেলা শহরের বীণাপাণি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রায় ৪৫০ জন নারী শিক্ষার্থী অংশ নেয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান।

শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক চিন্তা, যুক্তিবোধ, কৌতূহল ও অনুসন্ধিৎসা বিকাশের লক্ষ্যে আয়োজিত ধারাবাহিক বিজ্ঞানবিষয়ক সংলাপের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

সংলাপে মহাবিশ্বের উৎপত্তি ও বিবর্তন, মহাকাশের বিশালতা, কসমোলজির মৌলিক ধারণা, মহাকাশবিজ্ঞানের অগ্রযাত্রা, বৈজ্ঞানিক আবিষ্কারের ক্রমবিকাশ এবং আধুনিক প্রযুক্তির অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

আলোচনায় তুলে ধরা হয়, মানুষ কীভাবে আকাশের রহস্য পর্যবেক্ষণের মাধ্যমে মহাবিশ্ব সম্পর্কে জ্ঞান অর্জনের যাত্রা শুরু করে আধুনিক টেলিস্কোপ, মহাকাশযান ও উন্নত প্রযুক্তির মাধ্যমে সেই জ্ঞানের পরিধি ক্রমাগত বাড়িয়ে চলেছে।

আরও পড়ুন

এ সময় শিক্ষার্থীরা বিজ্ঞান ও মহাবিশ্ব বিষয়ে বিভিন্ন কৌতূহলোদ্দীপক প্রশ্ন করেন। জেলা প্রশাসক এসব প্রশ্নের উত্তর দেন এবং শিক্ষার্থীদের বিজ্ঞানকে শুধু পাঠ্যবইয়ের একটি বিষয় হিসেবে না দেখে প্রশ্ন করা, যুক্তি দিয়ে চিন্তা করা, পর্যবেক্ষণ করা এবং প্রমাণের ভিত্তিতে সত্য অনুসন্ধানের একটি পদ্ধতি হিসেবে গ্রহণের আহ্বান জানান।

ছবি: টাইমস

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, জ্ঞান অর্জনের প্রথম ধাপ হলো কৌতূহল। আর কৌতূহলকে অনুসন্ধানে রূপ দিতে হলে প্রশ্ন করতে হবে, জানতে হবে এবং যুক্তি দিয়ে ভাবতে হবে।

তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হওয়ার পাশাপাশি নিয়মিত বই পড়া, জ্ঞানচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান।

জেলা প্রশাসক আরও বলেন, বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না; তাদের যুক্তিবোধ, সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং নতুন কিছু জানার আগ্রহ অর্জন করতে হবে। এসব গুণ তাদের ভবিষ্যতে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।

সংলাপে মহাবিশ্বের বিস্ময় থেকে মানুষের জ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রার বিভিন্ন দিক তুলে ধরা হয়। শিক্ষার্থীদের বোঝানো হয়, বিজ্ঞানের প্রতিটি উত্তর থেকেই নতুন প্রশ্নের জন্ম হয়। আর সেই নতুন প্রশ্নের অনুসন্ধানই মানবসভ্যতাকে জ্ঞানের আরও গভীরে নিয়ে যায়।বিশেষ করে কসমোলজির মতো কৌতূহলোদ্দীপক বিষয় শিক্ষার্থীদের সামনে সহজ ও প্রাণবন্তভাবে তুলে ধরার মাধ্যমে মহাবিশ্ব, প্রকৃতি ও বিজ্ঞান সম্পর্কে তাদের জানার আগ্রহ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

অনুষ্ঠানে বীণাপাণি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিভা বিশ্বাস বক্তব্য দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মিজ শাহিনা নাছরিন, সহকারী কমিশনার মো. নাজমুল হক স্বপন ও ফারদিন খান প্রিন্স উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, আধুনিক বিশ্বের জ্ঞান ও প্রযুক্তিনির্ভর বাস্তবতায় শিক্ষার্থীদের উপযোগী করে গড়ে তুলতে বিজ্ঞানভিত্তিক চিন্তা, যুক্তিবোধ, সৃজনশীলতা ও নিয়মিত জ্ঞানচর্চার কোনো বিকল্প নেই। এ ধরনের সংলাপ শিক্ষার্থীদের প্রচলিত শিক্ষার গণ্ডির বাইরে গিয়ে প্রশ্ন করতে, ভাবতে, অনুসন্ধান করতে এবং অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করতে উৎসাহিত করবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad