আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মানিকগঞ্জ জেলা উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মনির হোসেন বশিরের দুই হাত ও দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
আহত বশির মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের পালোড়ার চর গ্রামের ছেলে। বর্তমানে সে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় সোমবার মনির হোসেন বশিরের বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন। সিংগাইর থানার ওসি মো: মাজহারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে রোববার মধ্যরাতে সদর থানা এলাকার শেষ এবং সিংগাইর থানা শুরুর ২০০ গজের মধ্যে ঘটনাটি ঘটে।
ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘হামলাকারীরা বশিরের বন্ধু। তাদের বাড়িও সদর উপজেলায়। তারা কীভাবে বশিরকে ইট ভাটায় নিয়ে এলে, কেন নিয়ে এল এসব বিষয়ে তদন্ত চলছে। আহত বশিরের বাবার অভিযোগের প্রেক্ষিতে মামলা নেওয়া হয়েছে।’
আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে বলেও তিনি জানান।


