চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাদ্রাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে প্রতারণামূলকভাবে টাকা আদায়ের সময় তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার উপজেলার মালিক সুপার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটজনের একটি প্রতারক চক্র বেশ কিছুদিন ধরে একটি মাদ্রাসার নাম ব্যবহার করে অভিনব কায়দায় সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে আসছিল। এদিন মালিক সুপার মার্কেট এলাকায় তাদের সন্দেহজনক ঘোরাঘুরি ও টাকা তুলতে দেখে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়।
একপর্যায়ে জালিয়াতির বিষয়টি ফাঁস হয়ে গেলে স্থানীয় জনতা প্রতারক চক্রটিকে ধাওয়া দেয়। এ সময় ধাওয়ার মুখে পাঁচজন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও বাকি তিনজনকে গণধোলাই এড়িয়ে আটকে রাখে জনতা। পরে খবর পেয়ে দামুড়হুদা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে আটক অবস্থায় থানায় নিয়ে যায়।
আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার হওয়া ভুয়া রশিদ বইয়ে নাজমুল হোসাইন বিপ্লবী নামের এক ব্যক্তির মোবাইল নম্বর পাওয়া গেছে বলে জানা গেছে। চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় এমন অভিনব উপায়ে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে প্রতারণা চালিয়ে আসছিল বলে অভিযোগ স্থানীয়দের।
দামুড়হুদা থানা-পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে ভুয়া রশিদ চক্রের পলাতক বাকি ৫ সদস্যকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনার পর থেকে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


