রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের পর্যটন সড়কে রোববার সকাল ৬টায় থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ঘোষণা দিয়েছে দুই সংগঠন।
শনিবার কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এক যৌথ বিবৃতিতে দুই সংগঠনের পক্ষ থেকে এই অবরোধের ঘোষণা দেন।
তবে রোগী বহনকারী এম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি ও সংবাদকর্মীদের যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, গত ৮ অক্টোবর সাজেকের উজোবাজারে আয়োজিত এক সমাবেশে ওই দুই সংগঠন সাজেক থেকে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস এর সদস্যদের সরিয়ে নিতে জন্য ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয়। তবে সেই সময়সীমা অতিক্রম হওয়ার পরও জেএসএস সদস্যদের সরিয়ে না নেওয়ায় রোববার থেকে সড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছে।
বিবৃতিতে সংগঠন দুটি অভিযোগ করে, শুক্রবার রাতে নিরাপত্তা বাহিনী নিরীহ জনগণের বাড়িঘরে তল্লাশির নামে হয়রানি করেছে এবং বিশিষ্ট ব্যক্তিদের হুমকি দিচ্ছে। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবরোধ চলবে বলেও জানান সংগঠনের নেতারা।
সাজেক পর্যটন সড়কে কোন ধরনের যানবাহন না চালানোর জন্য যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মী এবং পর্যটক ও সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।


