রোগীর মৃত্যুকে কেন্দ্র করে মতিঝিল ইসলামী ব্যাংক হাসপাতালে ভাঙচুর

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে মতিঝিল ইসলামী ব্যাংক হাসপাতালে ভাঙচুর
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানীর মতিঝিল ইসলামী ব্যাংক হাসপাতালে ১৩ বছর বয়সী এক কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার রাতে এ ঘটনা ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় প্রচণ্ড পেটব্যথা নিয়ে মাহিমাকে মতিঝিল ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে চিকিৎসকের পরামর্শে আলট্রাসনোগ্রাফি করা হলে তার অ্যাপেনডিক্স ফেটে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। পরে অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হলেও অপারেশন থিয়েটারে নেওয়ার আগেই শনিবার সকালে তার মৃত্যু হয়।

স্বজনদের অভিযোগ, অ্যাপেনডিক্স ফেটে যাওয়ার পর হাসপাতালে ভর্তি করা হলেও সময়মতো অস্ত্রোপচার না করায় মাহিমার মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, হাসপাতালে আনার সময়ই তার অবস্থা গুরুতর ছিল।

মতিঝিল জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রেজওয়ানুল ইসলাম জানান, হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে কী কারণে হামলা হয়েছে, তা এখনো জানা যায়নি।

‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। বিস্তারিত পরে জানানো হবে’, বলেন তিনি।

হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, রোগীর মৃত্যুর পর স্বজনরা মরদেহ নিয়ে গাজীপুরে চলে যান এবং রাতে দাফন সম্পন্ন করেন। পরে রাত ১০টার দিকে শাহজাহানপুর ৯ নম্বর ওয়ার্ড যুবদলের পরিচয় দিয়ে শাহরিয়ার সবুজ নামে এক ব্যক্তি হাসপাতালে এসে ভুল চিকিৎসার অভিযোগ তুলে ১০ লাখ টাকা দাবি করেন।

আরও পড়ুন

তিনি বলেন, ‘আমরা তাদের জানিয়েছি, ভুল চিকিৎসা হয়ে থাকলে তারা আইনি প্রক্রিয়ায় যেতে পারেন। এভাবে কাউকে টাকা দেওয়া হবে না। আজ দুপুরে এ বিষয়ে আলোচনায় বসার কথা থাকলেও তারা আসেননি। বিকালে প্রায় ১০০ লোক নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের সামনে অবস্থান নেন। তারা চিকিৎসা নিতে আসা রোগীদের ভয়ভীতি দেখাতে থাকেন।’

আজাদ আরও বলেন, ‘তাদের গেট থেকে কিছুটা দূরে অবস্থান নিতে বললে তারা আমাকে মারধর শুরু করেন। পরে দ্বিতীয় তলায় লেবার রুমে উঠে ভাঙচুর চালান।’ এ ঘটনায় হাসপাতালের ১০ জন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন বলে জানান তিনি।

তবে টাকা দাবির অভিযোগ অস্বীকার করেছেন শাহরিয়ার সবুজ। তিনি বলেন, ‘মাহিমা আমার চাচাতো বোন। অ্যাপেনডিক্স ফেটে যাওয়ার পর প্রথমে তাকে প্যান প্যাসিফিক হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে রোগীর অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা অপারেশনের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু রাতে অপারেশন না করায় পরদিন সকালে আমার বোন মারা যায়। পরে ঘটনার সুষ্ঠু বিচার চাইতে গেলে হাসপাতালের লোকজন আমাদের ওপর হামলা করে।’

১০ লাখ টাকা দাবির অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘আমি কোনো টাকা চাইনি, বরং হাসপাতাল কর্তৃপক্ষ টাকা দিয়ে বিষয়টি মিটমাট করতে চেয়েছে। কিন্তু রাজি না হয়ে বলেছি, কোটি টাকা দিলেও রাজি হবো না। তারা যদি বলে আমরা টাকা চেয়েছি, তাহলে এটা প্রমাণ করুক।’

ঘটনাস্থলে থাকা অন্য এক রোগীর স্বজন তৌফিক মেজবাহ বলেন, ‘আমার বোনকে নিয়ে গত শুক্রবার থেকে এই হাসপাতালে ভর্তি হয়েছি। আমাদের পাশেই ঘটনাটি ঘটেছে। অ্যাপেনডিক্সের সমস্যা নিয়ে আসা রোগী মারা যাওয়ার পর তার বাবা-মা মরদেহ নিয়ে চলে যান। পরে রাতে একদল লোক এসে টাকা দাবি করে।’

তিনি আরও বলেন, ‘আজ সন্ধ্যার পর আবার তারা হাসপাতালে এসে প্রথমে ৮ থেকে ১০ জনকে মারধর করে রক্তাক্ত করে এবং ভাঙচুর চালায়। পরে পরিস্থিতি খারাপ হয়ে উঠলে হাসপাতালের কর্মচারীরা তাদের ধাওয়া দেন।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad