ফরিদপুরের নগরকান্দায় পুরোনো দোকানঘর ভাঙার সময় দেয়াল চাপা পড়ে শাহিন (১৭) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শাহিন নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা গ্রামের কামাল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, নগরকান্দা পৌরসভার সদর বাজারে জেলা পরিষদ অডিটোরিয়ামের পূর্ব পাশে শহীদনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামের জাফর মেম্বারের দীর্ঘদিনের পুরোনো আধাপাকা একটি দোকান ছিল। দোকানটি অপসারণ করে নতুন স্থাপনা নির্মাণের উদ্দেশে গতকাল সোমবার সেটি ভাঙার কাজ শুরু করেন নির্মাণ শ্রমিকরা।
ভাঙার কাজের একপর্যায়ে দোকানের সামনের দেয়ালের একটি অংশ ভেঙে শাহিনের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যা ৭টার দিকে শাহিন মারা যান।
আরও পড়ুন: গাড়িচাপায় শ্রমিক নিহত: কিশোর চালকের জামিন শুনানি পেছাল


