দুই দিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক

দুই দিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক
ছবি: টাইমস
Advertisement
Advertisement

বাসচালক ও সুপারভাইজারকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই দিন বন্ধ থাকার পর নওগাঁর অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার দিনভর কয়েক দফা আলোচনা শেষে রাত সাড়ে ১০টার দিকে ধর্মঘট প্রত্যাহার করে বাস চলাচল শুরু করেন শ্রমিকরা। এতে জেলার বিভিন্ন অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহন আবারও স্বাভাবিক ধারায় ফিরেছে।

এর আগে শনিবার বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশার চালক ও বাস শ্রমিকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জেরে পরে জেলার পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে বাসচালক রুবেল হোসেন ও এক সুপারভাইজারকে অতর্কিতভাবে মারধর করার অভিযোগ ওঠে সিএনজি চালকদের বিরুদ্ধে।

মারধরে গুরুতর আহত হন বাসচালক রুবেল হোসেন। তাকে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, পাশাপাশি মহাসড়কে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য বন্ধের দাবিতে বাস শ্রমিকরা ধর্মঘটের ডাক দেন। এর ফলে রোববার থেকে নওগাঁর অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন

এতে ভোগান্তিতে পড়েন জেলার বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত এলাকার যাত্রীরা। বিশেষ করে জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষকে বিকল্প পরিবহনের ওপর নির্ভর করতে হয়।

পরিস্থিতি স্বাভাবিক করতে সোমবার সকাল থেকেই শ্রমিক নেতাদের সঙ্গে দফায় দফায় আলোচনা শুরু করে পুলিশ। দীর্ঘ আলোচনার পর বাসচালককে মারধরের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেলে শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহারে সম্মত হন। পরে রাত সাড়ে ১০টার দিকে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু হয়।

বাস চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেন, বাস চলাচল বন্ধ হওয়ার পর থেকেই শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। বাসচালককে মারধরের ঘটনায় নওগাঁ সদর থানায় একটি অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সোমবার কয়েক দফা আলোচনার পর শ্রমিক নেতারা পুলিশের আশ্বাসে আস্থা রেখে বাস চলাচল স্বাভাবিক করেছেন।

রাত সাড়ে ১০টার পর থেকে জেলার অভ্যন্তরীণ রুটগুলোতে বাস চলাচল শুরু হওয়ায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সড়ক যোগাযোগ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad