কক্সবাজারের টেকনাফ থেকে নিখোঁজ রোহিঙ্গা নারী আল মোস্তফাকে (১৯) উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
সোমবার রাতে টেকনাফ উপজেলার লেদা টাওয়ারের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এসব তথ্য জানান রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলায় নিয়োজিত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. কাউছার সিকদার।
১৬ এপিবিএন সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯ টার দিকে শালবাগান রোহিঙ্গা ক্যাম্প থেকে নিখোঁজ হন। খবর পেয়ে শালবাগান এপিবিএন ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনজুরুল আবছারের নেতৃত্ব লেদা টাওয়ারের সামনে অভিযান পরিচালনা আল মোস্তফাকে উদ্ধার করে পুলিশ ক্যাম্পে নেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন ঠিকানা বললে আশপাশের ক্যাম্পে খোঁজ নিয়ে তার বাবা-মায়ের পরিচয় শনাক্ত করা হয় এবং নিখোঁজ নারীকে আল মোস্তফা বলে নিশ্চিত করা হয়।
মো. কাউছার সিকদার বলেন, ‘উদ্ধার হওয়া রোহিঙ্গা নারীকে জিজ্ঞাসাবাদ শেষে ও তার বাবা-মার সঙ্গে কথা বলে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন। এ বিষয়ে তাদের কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
ঘটনায় শালবাগান এপিবিএন ক্যাম্পে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।


